মে দিবসে নোয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নোয়াখালী প্রতিনিধি : “দুনিয়ার মজদুর এক হও-এক হও, মালিক-শ্রমিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি”—এমন নানা স্লোগানে নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও দোকান কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়। র‍্যালিগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক বজায় থাকলে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেও তারা মন্তব্য করেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।