কচুয়ায় ফসলি জমিতে অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজার ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

কচুয়ায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ভেঙে অকেজো করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে কচুয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধামালুয়া উত্তর বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধামালুয়া গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা ও ড্রেজার ব্যবসায়ী কবির হোসেন দীর্ঘদিন ধরে কৃষকদের বাধা উপেক্ষা করে ফসলি জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। পাশাপাশি ভেকু দিয়ে মাটি কাটারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে আশপাশের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছিল বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। এ সময় ফসলি জমি থেকে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি অবৈধ ড্রেজার মেশিন ভেঙে অকেজো করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, ‘ফসলি জমি নষ্ট করে কোনো অবস্থাতেই অবৈধ ড্রেজার বা মাটি কাটা চলতে দেওয়া হবে না। কৃষিজমি রক্ষার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানের সময় কচুয়া পৌর ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কচুয়া থানার এএসআই আলমগীর হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।