মা ইলিশ রক্ষা অভিযান: চাঁদপুর অঞ্চলে ১৭তম দিনে ১ কোটি ৫১ লাখ মিটার জাল জব্দ, গ্রেপ্তার ২০

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশের ১৭তম দিনের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, ইলিশ মাছ ও মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৭ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের দেওয়া তথ্য অনুযায়ী, আজকের অভিযানে ১ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ১০০ মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ হাজার ২৩৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে এবং ৯টি নৌকা আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মোট ৬টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে ২টি চাঁদপুর জেলায়, ৩টি লক্ষ্মীপুর জেলায় এবং ১টি শরীয়তপুর জেলায় দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৯ জন আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে ৭ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং ৪ জনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার বলেন, “মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতা ও কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে আমরা ইলিশের প্রজনন নিশ্চিত করতে কাজ করছি।”

প্রসঙ্গত, প্রতিবছর আশ্বিন মাসে ইলিশের প্রজনন মৌসুমে সরকার মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ সময় নদীতে অভিযান চালিয়ে জেলেদের মাছ ধরা রোধে কাজ করে নৌ পুলিশ, কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।