
সাইফ উল্লাহ, নিজস্ব সংবাদদাতা : ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, পরিবার থেকেই নারী-পুরুষ বৈষম্যের শুরু হয়। এ বৈষম্য দূর করতে পরিবারে মায়েদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কারণ পরিবারের শান্তির চাবি নারীর হাতেই থাকে।
সোমবার সকালে জামালগঞ্জ উপজেলার দক্ষিণ কামলাবাজ এলাকায় নারী শান্তি সহায়ক দল (ওয়েভ)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং অর্থায়ন করে এফসিডিও।
সভায় স্বাগত বক্তব্য দেন কুদরত পাশা। ভীমখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য ও জামালগঞ্জ ওয়েভের সমন্বয়কারী মিনারা আক্তারের সভাপতিত্বে এবং সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী নেত্রী, সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য আয়শা সিদ্দিকা, খালেদা আক্তার, ভীমখালী ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলেয়া বেগম, জামালগঞ্জ পিএফজির সদস্য আল-আমীন এবং জামালগঞ্জ ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য সাদিকুর রহমান স্বাধীন।
বক্তারা বলেন, সমাজে এখনো ছেলে ও মেয়েশিশুকে ভিন্নভাবে বড় করার প্রবণতা রয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদে অনেক পরিবারে মেয়েদের উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্ব পায় না। “মেয়েকে বেশি লেখাপড়া করিয়ে কী হবে, কিছুদিন পর তো বিয়ে দিতে হবে”—এমন মানসিকতা নারীর অগ্রযাত্রার বড় বাধা বলে মন্তব্য করেন তাঁরা।
সভায় বক্তারা আরও বলেন, একটি পরিবারে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নারী অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সহিংসতা রোধ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়েভ একটি উদার, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। সংগঠনটি গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
সভা শেষে নারী নেত্রীরা সামাজিক সমস্যা নিরসন ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
