
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ; ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আশুলিয়া, সাভারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্দ্রারবর, ভাদাইল ও লতিফপুরসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপও দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত সম্পন্ন করতে পাইপলাইন স্থানান্তর জরুরি হয়ে পড়েছে। কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
