লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীদের আধাবেলা অবস্থান ধর্মঘট পালন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর জেলায় গতকাল বোমা ফাটিয়ে আর. কে স্বর্ণকার শিল্পালয়ের অপু কর্মকারের দোকানে ডাকাতির ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা আধাবেলা অবস্থান ধর্মঘট পালন করেছেন। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (০৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, জেলার ৫ শতাধিক স্বর্ণ ব্যবসায়ী এ কর্মসূচি পালনে অংশগ্রহণ করেছেন। দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন অত্র জেলার স্বর্ণ ব্যবসায়ীরা।

এদিকে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল নিজে গিয়ে পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ। এ সময় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

এসপি বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে । এ ঘটনায় পৃথক তিনটি মামলার প্রস্তুতিগ্রহণও চলছে। যার মধ্যে একটি বিস্ফোরণ, একটি স্বর্ণ লুট এবং একটি সড়ক দুর্ঘটনা আইনে।
অবস্থান কর্মসূচি থেকে বাজুসের জেলা শাখার সভাপতি হরিহর পাল বলেন, ঘটনার পর থেকে লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। একই সঙ্গে উক্ত ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

গত বুধবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পিকআপ ভ্যানে একদল ডাকাত জেলা শহরের কলেজ রোড এলাকার চৌধুরী সুপার মার্কেট এলালায় ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় একই মার্কেটের আর কে শিল্পালয়ে ঢুকে স্বর্ণ ব্যবসায়ী অপু কর্মকারকে এলোপাতাড়ি কুপিয়ে দোকানে থাকা স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় তাদের বহনকৃত পিকআপটি লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ইটেরপোল এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে তাদের গাড়ির নিচে চাপা পড়ে সফি উল্যা (৭০) নামে এক পথচারী নিহত হন। আহত হয় ইসমাঈল হোসেন নামে আরো একজন পথচারী। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় ডাকাতদলের সদস্য রনি ও মনসুর নামে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃত দুজন বর্তমানে পুলিশ হেফাজতে আছে।