
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয় ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাঙ্খার কার্যকর প্রতিফলন চাই’।
আজ সোমবার (১২ আগস্ট) সকালের দিকে প্রেসক্লাবের সম্মুখে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটির সভাপতিত্ব করেন সনাক-টিআইবি লক্ষ্মীপুর এর সভাপতি প্রফেসর জেড. এম. ফারুকী।
ইয়েস দলের সদস্য মেহেরাজিন আক্তার মীম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, সদস্য হুমায়ূন কবির, সুধির চন্দ্র ঘোষ, শারমিন আকতার, অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সনাক সদস্য প্রফেসর মোবাশ্বের আহমেদ, আহমদ হোসেন, অহিদুর রহমান কবির, রাশেদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে দিবসটির উপলক্ষে টিআইবি’র ধারণাপত্র পাঠ এবং দাবীসমূহ তুলে ধরেন ইয়েস সহ-দলনেতা আবু সালেহ রুবায়েত।
মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি’র সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তব্যে সনাক সভাপতি জেড. এম. ফারুকী বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে এদেশের তরুণ সমাজ সর্বদা অগ্রগামী ভূমিকা পালন করেছে।শিক্ষার্থীদের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলন যার অতুলনীয় উদাহরণ। এ দেশের তারুণ্য চরম স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক শক্তিকে কীভাবে পরাভূত ও পরাজিত করতে হয়, তার ‘‘পাঠ্যবই’’ উদাহরণ সৃষ্টি করেছে। নির্লোভ ও স্বার্থহীনভাবে কীভাবে নিজেকে উৎসর্গ করতে হয়, তার অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে তরুণ শিক্ষার্থীরা। যারা জীবন বিসর্জন দিয়েছেন, যারা আহত ও বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যারা এই বিজয়ের নেতৃত্ব দিয়েছেন এবং এখনও আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে ও বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকার পাশাপাশি নিরলস পরিশ্রম করে রাস্তায় রাস্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
জেড. এম. ফারুকী আরও বলেন, বাংলাদেশের তরুণদের এই দৃষ্টান্ত অনাগত দিনে বৈশ্বিক পর্যায়ের যে কোনো ন্যায়ভিত্তিক আন্দোলনের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
একইসঙ্গে ধর্ম ও বর্ণ নির্বিশেষে তারুণ্যের এই জয়রথ যেন সংকীর্ণ কোনো চোরাবালিতে আটকে না যায়, সেই লক্ষ্যে তাদের বাকস্বাধীনতা, চিন্তার স্বাধীনতা সর্বোপরি তাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। সনাক সভাপতি তরুণদের আশা-আকাঙ্খার ভিত্তিতে বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সুশাসিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
