আনিসুল হকের সমর্থনে ধানের শীষের স্লোগানে মুখরিত জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ-১ আসনে বিএনপি–মনোনীত প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগরে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে হাজারো মানুষের অংশগ্রহণে গণমিছিল বের করা হয়।

জামালগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল সাচনাবাজারে এসে সমবেত হয়। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে ‘ধানের শীষ’–এর স্লোগানে। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার ও মধ্যনগর উপজেলার মহেষখলা বাজারেও পৃথক মিছিল ও পথসভা হয়। তিন উপজেলাতেই ছিল উৎসবমুখর পরিবেশ।

সাচনাবাজারের পথসভায় বক্তারা বলেন, “সুনামগঞ্জ-১ আসনে ছয়জন নেতা মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবাইই দলের যোগ্য নেতা ছিলেন। যাচাই–বাছাই শেষে দল আনিসুল হককে মনোনয়ন দিয়েছে। এখন আমাদের দায়িত্ব—ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা।”

বক্তারা আরও বলেন, যারা মনোনয়ন পাননি দল তাদের যথাযথ মূল্যায়ন করবে। বিভেদ ভুলে সবাইকে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।

পথসভায় বক্তব্য দেন— জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান,

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী আফিন্দী, ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান,

সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া,

যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন,

কৃষকদলের আহ্বায়ক মোবারক হোসেন,

সদস্য সচিব আসাদ নুর সাদি প্রমুখ।