
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিন (৩৪) ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নামার পর তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নিখোঁজ শামছুদ্দিন শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে।
আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াছ জানান, জোহরের নামাজের পর শামছুদ্দিন নদীতে গোসল করতে যান। আছরের আগে ফিরে না আসায় তিনি নদীর পাড়ে গিয়ে শামছুদ্দিনের জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে থাকতে দেখেন। পরে এতিমখানার ছাত্রদের নিয়ে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টি পরিচালনা পর্ষদের সভাপতিকে জানানো হয়। এরপর নৌ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর স্টেশনকে অবহিত করা হলে ডুবুরি দল এসে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে তার কোনো সন্ধান মেলেনি।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম চালানো হবে।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
