
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
একই সঙ্গে জেলার সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, জেলার চারটি সংসদীয় আসনের সব ৬০৯টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।
নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হবে বলেও জানান মো. মাসুদুর রহমান।
এ ছাড়া, জেলার চারটি আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে উল্লেখ করেন তিনি।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, জেলার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ৩ হাজার ৪১০টি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ২৮১টি এবং অস্থায়ী ১২৯টি। ভোটকেন্দ্রগুলোর মধ্যে ১৭৯টি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। এছাড়া ৪৩০টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত।
আসনভিত্তিক হিসাবে দেখা যায়, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এই আসনের ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে। সেখানে ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি ঝুঁকিপূর্ণ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১০ হাজার ৩৬৭ জন, নারী ভোটার ৯ লাখ ৬ হাজার ৪৩ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৪ জন।
আসনভিত্তিক ভোটকেন্দ্রের বিবরণ অনুযায়ী, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের দুটি উপজেলায় মোট ১৬৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫০টি গুরুত্বপূর্ণ এবং ১১৮টি সাধারণ কেন্দ্র। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে মোট ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি গুরুত্বপূর্ণ ও ১২০টি সাধারণ। সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনে ১৬৫টি কেন্দ্রের মধ্যে ৪০টি গুরুত্বপূর্ণ ও ১২৫টি সাধারণ কেন্দ্র রয়েছে। আর সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি গুরুত্বপূর্ণ এবং ৬৭টি সাধারণ কেন্দ্র।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ভোটকেন্দ্রগুলোকে শুধু ঝুঁকির ভিত্তিতে নয়, দূরত্ব ও কেন্দ্র ভবনের অবস্থা বিবেচনাতেও গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোথাও কেন্দ্র ভবনের অবস্থা ভালো না থাকলেও সেসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ তালিকায় রাখা হয়েছে। তিনি আরো বলেন সাতক্ষীরায় আগামী ১২ই ফেব্রুয়ারি একটি অবাধ নিরপক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো মূল্যে সাতক্ষীরা বাসিকে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। এই নির্বাচনে সাতক্ষীরায় কোন মতেই কাউকে শক্তি প্রয়োগ করতে দেওয়া হবে না। মিস্টার জুয়েল আরো বলেন আপনার ভোট আপনি দিবেন যাতে খুশি তাতে দিবেন কারো প্রলোভনে এবং কারো ভয়ে কারো চাপে ভোট দিবেন না আপনার ইচ্ছা অনুযায়ী ভোট দিবেন নির্ভয়ে পুলিশ আপনার পাশে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। কেহ আপনাকে ভোট দিতে বাধ্যতামূলক বা চাপ প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
