কালীগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

মো. আলমগীর মোল্লা, কালীগঞ্জ (গাজীপুর) : গ্রামবাংলার ঐতিহ্য আর বর্ণিল সাজে মুখর হয়ে উঠেছিল Kaliganj Upazila উপজেলা পরিষদ চত্বর। উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে অনুষ্ঠানস্থল। নববর্ষের আয়োজনে ছিল গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া। লাঙ্গল, পাটলা ও কাচি হাতে, লুঙ্গি ও গামছা পরিহিত কৃষকের সাজে অংশ নেন একদল অংশগ্রহণকারী। এতে ফুটে ওঠে বাংলার চিরচেনা কৃষিজীবনের প্রতিচ্ছবি।

অন্যদিকে কলেজ শিক্ষার্থীরা নব বর-বধূর সাজে পালকি নিয়ে অনুষ্ঠানে যোগ দিলে তা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পুরো আয়োজনজুড়ে ছিল শেকড়ের টান ও বাঙালিয়ানার আবহ।

সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সরকারি হাসপাতাল হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের দই-চিড়া দিয়ে আপ্যায়ন করা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও দলীয় পরিবেশনা উপস্থাপন করেন। ঢাক-ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত এবং পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই মূল লক্ষ্য।