
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঝাড়ুমিছিল ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা–লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে এ কর্মসূচি পালন করা হয়।
সড়ক অবরোধের কারণে লক্ষ্মীপুর ও চৌমুহনীমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকতে দেখা যায়। তবে আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেন।
সড়ক অবরোধ নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলেন, সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। তাঁদের মতে, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। আবার অনেকেই মনে করছেন, দুর্নীতির বিরুদ্ধে এমন আন্দোলন প্রয়োজন। এতে সাময়িক দুর্ভোগ হলেও সংশ্লিষ্ট দপ্তরের নজর পড়বে।
স্থানীয়দের অভিযোগ, বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে সংস্কারের কয়েকদিনের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পুনরায় সংস্কার না করা হলে আসন্ন বর্ষায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, ‘সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম হয়েছে। আমরা পুনরায় মানসম্মত সংস্কারের দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে এলজিইডি অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এ বিষয়ে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘সড়কের কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আশা করছি দ্রুতই একটি সমাধানে পৌঁছানো যাবে। আজকের আন্দোলনের বিষয়ে আমরা আগে থেকে অবগত ছিলাম না।’
