লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান: ৫ মামলায় ৩ লাখের বেশি টাকা জরিমানা, ইটভাটার চুল্লি ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি পৃথক মামলায় মোট ৩ লাখ ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১১ মার্চ) জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার কমলনগর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে মেসার্স এলএসবি ব্রিকস ও পাখি ব্রিকস নামে দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর দুটি চুল্লি ধ্বংস করা হয়।

এদিকে সদর উপজেলায় পৃথক অভিযানে ঔষধ ও কসমেটিকস আইনে একটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে এক ব্যক্তিকে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে পুলিশ, র‍্যাব, আনসার সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আইন প্রয়োগ ও ভোক্তা সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।