লক্ষ্মীপুরে মাটি বিক্রির ৩৬ হাজার টাকা না পাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে মাটি বিক্রির পাওনা ৩৬ হাজার টাকা না পাওয়ার অভিযোগ তুলে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন জয়নাল আবেদীন।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ আবেদন করেন মো. জয়নাল আবেদীন।

আবেদনে জয়নাল আবেদীন উল্লেখ করেন, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর তিনি মো. শাহাজান নামে এক ব্যক্তির কাছে মোট ১ লাখ ৫৪ হাজার টাকার মাটি বিক্রি করেন। পরে বিভিন্ন সময়ে শাহাজান ১ লাখ ১৮ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৩৬ হাজার টাকা এখনো দেননি।

জয়নালের দাবি, পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত ব্যক্তি টালবাহানা করেন এবং খারাপ আচরণ করেন। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও টাকা না পাওয়ায় তিনি আইনগত সহায়তার জন্য জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেন।

জয়নাল আবেদীন বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। আমার ন্যায্য পাওনা টাকা আদায় না হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।’

অভিযুক্ত শাহাজানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, লিখিত আবেদন পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী জয়নাল আবেদীন ন্যায়বিচারের প্রত্যাশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।