
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার এবং আঞ্চলিক পত্রিকা দৈনিক মেঘনার তীর-এর সম্পাদক ও প্রকাশক আব্বাস হোসেন অজ্ঞাতনামা মোবাইল ফোন থেকে হত্যার হুমকি পেয়েছেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তার স্বার্থে লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার রাতে থানায় গিয়ে তিনি এই জিডি করেন।
জিডির বিবরণে বলা হয়েছে, অজ্ঞাত একটি মোবাইল ফোন নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে তিনি আতঙ্কিত হয়ে পুলিশের শরণাপন্ন হন।
এ বিষয়ে সাংবাদিক আব্বাস হোসেন বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করছি। কেন বা কে এভাবে হুমকি দিল, তা জানি না। তবে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ঘটনার নিন্দা জানিয়ে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তাঁরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মুক্ত সংবাদমাধ্যমের পরিবেশ বাধাগ্রস্ত হবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। হুমকিদাতাকে শনাক্ত করতে কাজ চলছে।”
