বিএনপির কেন্দ্রীয় ৩ নেতা এ্যানি-খায়ের ও সাবুর নামে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলায় পুলিশের দুই মামলায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও জেলা কমিটির সদস্যসচিব সাহাবউদ্দিন সাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

একই মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ নির্দেশ দেন। এ দিকে গ্রেফতার ব্যক্তিদের কারাগারে নেয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মামলায় ৯ জনকে আদালত কারাগারে পাঠিয়েছেন। একই মামলায় আদালতে অনুপস্থিত থাকায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও জেলা কমিটির সদস্যসচিব সাহাবউদ্দিন সাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।