
প্রযুক্তি ও মমতায় সমাজসেবা: কল্যাণ ও সমতায় আস্থা বাড়াতে বিশেষ দৃষ্টি
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপন করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান কিস্তু’র, তবে তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, এবং সভার সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। বর্তমানে প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয় সমাজসেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে পারে। তারা আরও বলেন, সরকারের সমাজসেবা কার্যক্রম যেন দ্রুত ও সহজে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা সমাজে সমতা, কল্যাণ ও আস্থাভিত্তিক পরিবেশ গড়ে তোলার জন্য সমাজসেবার গুরুত্ব বৃদ্ধির ওপর জোর দেন। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য প্রফেসর জেডএম ফারুকী, সহকারী পরিচালক মাহবুবুর রহমান, এবং জেমস-এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী।
জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা জানান, এ ধরনের অনুষ্ঠান সমাজসেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং জনগণের সহায়তায় সরকারী কর্মকাণ্ড আরও ফলপ্রসূ করতে সহায়তা করে।
