
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম ছৈয়াল (৫০) নামের এক কৃষকের মৃত্যু।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্টের দুর্ঘটনাটি ঘটে।
সেলিম ছৈয়াল চর আলী এলাকার সফি উল্যা ছৈয়ালের সন্তান। তার মুল পেশা ছিলো কৃষি। এর পাশাপাশি তিনি গাছি হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, সেলিম ছৈয়াল তার প্রতিবেশী জালাল ঢালীর নারিকেল গাছ পরিষ্কার করছিলেন। ঠিক তখন গাছের একটি ডগা কাটতে গেলে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের সঙ্গে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হোন। এ সময় তিনি গাছের ওপর থেকে নিচে পড়ে যান। এতে বুক এবং মুখমণ্ডলে তিনি আঘাত পান।
এছাড়াও হাতে থাকা ধারালো দা পড়ে তার ডান কান কাটা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে এ্যাম্বুলেন্সে মারা যান সেলিম ছৈয়াল।
লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহমান স্বপন বলেন, সেলিমের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেলিম ছৈয়ালের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
