বিগত ৬ অর্থবছরে ভোমরা স্থলবন্দরে ৪ হাজার ২২৫ কোটি টাকার রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বিগত ৬ অর্থবছরে (২০১৯-২০ থেকে ২০২৪-২৫) মোট ৪,২২৫ কোটি ১৫ লাখ টাকার রাজস্ব আদায় করেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় হয়েছে ২৯৯ কোটি ৮১ লাখ টাকা।

ভোমরা বন্দরে গুঁড়ো দুধ ব্যতীত সব ধরনের পণ্য আমদানি অনুমোদনের ফলে ব্যবসায়ীরা বন্দরের দিকে ঝুঁকছেন। বেনাপোল বন্দরের তুলনায় এখানে পণ্য পরিবহনে খরচ সাশ্রয় হওয়ায় বন্দরটি অধিক কার্যকর হচ্ছে। বন্দরে দিনে গড়ে ২০০-২৫০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক আমদানি এবং ৫০-১০০টি ট্রাক রপ্তানি করছে।

বন্দর-ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ডিজিটাল ব্যবস্থাপনা ও রাজস্ব ফাঁকি রোধে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। ভোমরা স্থলবন্দর দ্রুত পূর্ণাঙ্গ কাস্টমস হাউজে উন্নীত হওয়ার প্রক্রিয়াধীন। বন্দরের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য ১১শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে ৬৭ একর জমি অধিগ্রহণ এবং আধুনিক ইয়ার্ড, শেড, ওয়্যারহাউস ও আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ করা হবে।

উপ-পরিচালক মোঃ রুহুল আমিন জানিয়েছেন, সবকিছু সম্পন্ন হলে ভোমরা বন্দরে ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে এবং বছরের ভিত্তিতে রাজস্ব কয়েক গুণ বৃদ্ধি পাবে।