
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন, তার বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
তিনি বলেন, ‘একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মতো প্রধানমন্ত্রী প্রতিটি বিষয় খুঁটিনাটি দেখছেন এবং সেভাবেই কাজ আদায় করছেন।’
শুক্রবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজ জেলা লক্ষ্মীপুরে এলেন তিনি।
ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘সারা পৃথিবীর মধ্যে এটি একটি চমকপ্রদ ও ব্যতিক্রম উদ্যোগ। এটি আমাদের জন্য অনুপ্রেরণার। আন্তর্জাতিক পরিসরেও এর প্রশংসা হয়েছে। আমরা আশা করি, সামনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’
গত দেড় দশকে দেশের জনপ্রশাসন দলীয়করণের শিকার হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এতে প্রশাসনের নিরপেক্ষতা ও দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘দেশের বিভিন্ন খাতে ধস নেমেছে, প্রশাসনও তার বাইরে নয়,’ বলেন তিনি।
প্রধানমন্ত্রীর নীতির আলোকে একটি দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। তাঁর ভাষায়, ‘আমরা এমন একটি প্রশাসন গড়ে তুলতে চাই, যারা প্রশাসক হিসেবে নয়—জনগণের সেবক হিসেবে কাজ করবে।’
তিনি আরও বলেন, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে ও পরের পরিস্থিতির মধ্যে বড় পরিবর্তন এসেছে। জনগণের অকৃপণ সমর্থনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিজয়ের সঙ্গে বড় দায়বদ্ধতা ও জবাবদিহি জড়িত।
‘যে অঙ্গীকার নিয়ে আমরা জনগণের কাছে গিয়েছি, তা বাস্তবায়ন করাই এখন আমাদের পবিত্র দায়িত্ব,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘শুধু বিএনপি নয়, সব দলকে সঙ্গে নিয়ে আমরা একটি উদার গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
সার্কিট হাউসে পৌঁছালে উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেকসহ জেলা প্রশাসন ও বিএনপির নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকেও উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
