নোয়াখালীর সদর উপজেলায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে ব্যবসা প্রতিষ্ঠান জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সদর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মেসার্স নীড় এন্টার প্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার দত্তবাড়ি মোড় এলাকায় এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান সূত্রে জানা যায়, ১২ কেজির গ্যাস সিলিন্ডার ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয়। এছাড়া ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।

একই দিনে দত্তেরহাট এলাকার মেসার্স স্ট্যান্ডার্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত এবং মোড়কে মেয়াদ উল্লেখ না করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।