নাটোরে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

রতন আলী, নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বড়াইগ্রাম উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলা জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে গ্লোবাল টিভির নাটোর প্রতিনিধি এবং বড়াইগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, নাটোর ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির প্রতিনিধি বুলবুল আহমেদ, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি পিকে এম আব্দুল বারী, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুল, ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন এবং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

দোয়া মাহফিল শেষে কেক কেটে টেলিভিশনটির অগ্রযাত্রা এবং সাফল্য কামনা করা হয়। বক্তারা বলেন, গ্লোবাল টিভি শুরু থেকেই নিরপেক্ষ ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও গণমাধ্যমটির এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।