ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাদ্দাম: ইসকনের কার্যক্রম বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা জরুরি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ইসকনের সকল কার্যক্রমকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ইসকন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি “বিষফোঁড়ার নাম” এবং এটি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানটি শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে আয়োজিত হয়।

সাদ্দাম বলেন, “আওয়ামী লীগের আমলে ইসকনের কার্যক্রমে পারমিশন দেওয়ার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে গেছে। হিন্দুদের চাকরি পাওয়ার সময় ইসকন তাদের ডেকে নিয়ে যেতো। যেখানে যে বেতন হতো, ইসকন তা ৫০% বাড়িয়ে দিত। এটি ছিল আমাদের কাছে সঠিক তথ্য।”

তিনি আরও বলেন, “ইসকনের কার্যক্রম আমাদের দেশে একটি সংখ্যালঘু ভিত্তিক অরাজক পরিকল্পনা চালাচ্ছে। আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমান অধিকারের কথা বলা হচ্ছে। রাষ্ট্র কোন ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না। কিন্তু যদি কোন ধর্মের মানুষ ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়, তবে সেই বিষয়ে আমাদের কথা বলতেই হবে।”

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, পলিটেকনিক শাখার সভাপতি আরমান হোসেন শাহাদাত, সেক্রেটারি আবদুল্লাহ আল মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।