
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার রায়পুরে স্কুলে যাওয়ার সময় ৭ম শ্রেণির ২ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
তবে নিখোঁজের ৩ দিন পার হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছে তারা।
নিখোঁজ হওয়া ২ শিক্ষার্থী হলো লক্ষ্মীপুর সদর উপজেলার বামনি ইউপির কাফিলাতলী এলাকার মো. হারুনুর রশিদের পুত্র আবদুল্লাহ আল নাইম সিয়াম (১৩) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ গ্রামের মো. ফয়েজ মিয়ার পুত্র মো. রিমন।
তারা ২ জনই ও পানপাড়া উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় নিখোঁজ সিয়ামের বড় ভাই আবদুল্লাহ আল নোমান লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজ বাড়ি থেকে আবদুল্লাহ আল সিয়াম স্কুলের উদ্দেশ্যে বের হয়।
একই সময় রামগঞ্জের শ্যামগঞ্জের নিজ বাড়ি থেকে অপর শিক্ষার্থী রিমন হোসেনও স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।
কিন্তু স্কুল ছুটির পর বাড়িতে না ফেরায় তাদের ২ জনইকে খুঁজতে থাকে পরিবার।
পরবর্তীতে জানা যায় যে, বাড়ি থেকে বের হলেও ওই ২ শিক্ষার্থী স্কুলে যায়নি। ধারণা করা হচ্ছে, পথ থেকেই তারা নিখোঁজ হয়।
নিখোঁজ শিক্ষার্থী সিয়ামের মামা মো. জামাল উদ্দিন জানান, ঘটনার ৩ দিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। তারা কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ অপহরণ করে নিয়ে গেছে, সঠিক তথ্য তাও জানা যায়নি।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ২ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তাদের সন্ধান ও উদ্ধারে কাজ করছে পুলিশ। তারা কীভাবে নিখোঁজ হয়, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
