হাতিয়ায় নদীভাঙন রোধে কংক্রিট ব্লকবাঁধের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী (হাতিয়া) : নোয়াখালীর হাতিয়া দ্বীপে দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা মোকাবিলায় টেকসই কংক্রিট ব্লকবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙনকবলিত এলাকাগুলো রক্ষায় এ প্রকল্প বাস্তবায়িত হলে উপকূলীয় এ জনপদের মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুখচর থেকে চরঈশ্বর বাংলাবাজার পর্যন্ত বিস্তৃত ঝুঁকিপূর্ণ এলাকা সুরক্ষায় দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সুপারিশ করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তাঁর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, “হাতিয়া দ্বীপবাসীর জন্য এটি একটি আশাব্যঞ্জক উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙনের ক্ষতি থেকে হাজারো পরিবার রক্ষা পাবে।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই নদীর তীব্র স্রোত ও জোয়ারের চাপে হাতিয়ার বিভিন্ন এলাকা ভাঙনের মুখে পড়ে। এতে বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। ফলে অনেক পরিবার বারবার বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতি বছর ভাঙনের আতঙ্কে থাকতে হয়। অনেকের ঘরবাড়ি কয়েকবার করে সরাতে হয়েছে। স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় কষ্টের শেষ নেই।”

বিশেষজ্ঞরা বলছেন, টেকসই কংক্রিট ব্লকবাঁধ নির্মাণ করা গেলে ভাঙন রোধের পাশাপাশি উপকূলীয় এলাকায় দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তবে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন এবং কার্যকর তদারকি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।

এদিকে, সম্ভাব্য এ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা ও কাজ শুরুর অগ্রগতি নিয়ে এখন নজর রয়েছে স্থানীয়দের।