চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

ওজনে কম, মেয়াদ-উৎপাদন তারিখ ছাড়া পণ্য বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশ ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর একটি দল।

অভিযানে অংশ নেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ওজনে কম দিয়ে সেমাই বিক্রির দায়ে আজমেরী লাচ্ছা সেমাই কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মূল্যতালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সহদেব চন্দ্র সাহাকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধভাবে একটি কোম্পানির আটা-ময়দার বস্তা ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য বিক্রির দায়ে জনতা ফুড প্রোডাক্টের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, “জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তার অধিকার সংরক্ষণে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।”