সুবর্ণচরে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সামনে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়ামিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে সোনাপুর–চেয়ারম্যানঘাট মহাসড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকায় ডাক্তার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবায়োজিদ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ইয়ামিন তার মা বকুল আক্তারের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে পরিষ্কার বাজার এলাকায় রাস্তার পাশে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন তারা। এ সময় মাইজদী থেকে চেয়ারম্যানঘাটগামী একটি ড্রামট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উঠে পড়ে। তখনই ইয়ামিন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।”

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।