
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সারাদেশে একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (২ মে) বিকেলে সিলেট থেকে ভার্চুয়ালি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
একই সময় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, দেশের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যেই এই আয়োজন। তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাগুলোকে বাছাই করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনতে চায় সরকার।
তিনি বলেন, ‘নতুন কুঁড়ি’ নামটি দেশের মানুষের কাছে পরিচিত ও আবেগের। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে এই কর্মসূচির যাত্রা শুরু হয়েছিল। আশির দশকে এটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এ প্ল্যাটফর্ম থেকে বহু প্রতিভা শিল্পাঙ্গনে প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ বিরতির পর নতুনভাবে ক্রীড়াভিত্তিক আয়োজনে এই নামটি ফিরে এসেছে।
আয়োজক সূত্র জানায়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। দেশের প্রতিটি জেলা থেকে প্রতিভাবান কিশোর-কিশোরীদের খুঁজে বের করে পর্যায়ক্রমে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আওতায় আনা হবে।
এ প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্ট রাখা হয়েছে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, সিভিল সার্জন ডা. খুরশীদ আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
আয়োজকদের আশা, এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসবে নতুন প্রজন্মের দক্ষ ক্রীড়াবিদ, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে।
