
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সামাজিক ও মানবিক সংগঠন লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
রবিবার (১৫ মার্চ) বিকাল পাঁচটায় সাতক্ষীরা সার্কিট হাউস সংলগ্ন এম আলী পলী ক্লিনিক প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ সাইম। সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ এম জাহিদ হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইফ সেফ ফাউন্ডেশন ইতোমধ্যে বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণ স্বেচ্ছাসেবীরা সমাজের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
