
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার রইচপুর রাজ্জাকের মোড় এলাকায় নকল চাবি ব্যবহার করে ভ্যান চুরির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন যশোর স্টেশন এলাকার জনাব আলীর ছেলে সোহাগ হোসেন তুহিন (২৫) এবং চুকনগর গ্রামের আজিজ সরদারের ছেলে রাসেল সরদার (২৮)।
ভুক্তভোগী ভ্যানচালক আজগার আলী (২৮) জানান, তিনি ভ্যানটি রাস্তার পাশে রেখে প্রাকৃতিক কাজে গেলে ফিরে এসে দেখেন একজন তার ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে এবং অপর একজন পেছনে বসে আছে। তিনি বলেন, “আমার পকেটে ভ্যানের চাবি থাকা সত্ত্বেও দেখি ভ্যানে অন্য একটি তালা লাগানো। দৌড়ে গিয়ে ভ্যানের পেছন ধরে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদের আটক করে।”
পরে তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে একটি নকল চাবি উদ্ধার করা হয়, যা ব্যবহার করে তারা ভ্যানটি চালু করেছিল বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ হোসেন তুহিন দাবি করেন, তাকে এক হাজার টাকার বিনিময়ে ভ্যানটি চালিয়ে নিতে বলা হয়েছিল এবং তাকে জানানো হয়েছিল এটি তার খালাতো ভাইয়ের ভ্যান। তবে অপর আটক রাসেল সরদারের সঙ্গে তার কোনো পরিচয় নেই বলেও তিনি দাবি করেন।
ঘটনার পর স্থানীয়রা ইটাগাছা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, আইন নিজের হাতে না তুলে নিয়ে অভিযুক্তদের পুলিশের কাছে সোপর্দ করে তারা সচেতনতার পরিচয় দিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
