
সিরাজুল ইসলাম | সাতক্ষীরা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবা এইচ এম গোলাম রেজা এবং তার ছেলে হোসাইন মোহাম্মদ মায়াজ, তবে ভিন্ন রাজনৈতিক দলের হয়ে।
জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা গণ-অধিকার পরিষদ থেকে মনোনয়ন পেয়েছেন। তার ছেলে হোসাইন মোহাম্মদ মায়াজ জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুজনেই সোমবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক আফরোজা আক্তার জানান, হোসাইন নিজেই উপস্থিত ছিলেন, আর বাবার মনোনয়নপত্র দলীয় নেতাকর্মীরা জমা দেন।
এ ঘটনা স্থানীয় ভোটারদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এখন ভোটের মাঠে বাবা-ছেলের মধ্যে কে এগিয়ে থাকবেন, তা দেখার অপেক্ষায় মানুষ।
