
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওহেদুজ্জামান বুলুর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে সাতক্ষীরায় মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম এবং সঞ্চালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।
অনুষ্ঠানে সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, আরটিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান এবং মানবজমিনের প্রতিনিধি বিপ্লব হোসেন প্রমুখও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকরা নানা নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। কিন্তু সঠিক তদন্ত না হওয়ায় এসব ঘটনার বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। ওহেদুজ্জামান বুলুর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা সন্দেহজনক।
তারা দাবি জানান, এ ঘটনার সুষ্ঠু ও অধিকতর তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক। বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এই মানববন্ধন শুধু সাতক্ষীরার সাংবাদিকদের নয়, বরং দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্ন তুলে ধরে। দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত ব্যবস্থা গড়ে তোলার জন্যও তারা জোর দেন।
