সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বীথিকা বিনতে হোসাইন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে বীথিকা বিনতে হোসাইনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে তাঁর মনোনয়নের বিষয়টি জানানো হয়।

বীথিকা বিনতে হোসাইন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমেও সক্রিয়।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি ‘অর্পণ আলোক সংঘ’ নামের একটি জনকল্যাণমূলক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। সংগঠনটির মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ করছেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বীথিকা বিনতে হোসাইন বলেন, এই মনোনয়ন তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং দলের আদর্শ ও প্রয়াত শফিউল বারী বাবুর প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন। তিনি বলেন, “দল যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব।”

তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) এলাকার মানুষের অন্যতম প্রধান সমস্যা মেঘনা নদীর ভাঙন। এ সমস্যা সমাধানে নদীবাঁধ নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের ওপর তিনি গুরুত্ব দেবেন। পাশাপাশি অঞ্চলের চিকিৎসা ও শিক্ষা খাতের উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে তাঁর মনোনয়নে রামগতি ও কমলনগর এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কমলনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তারেক রহমান রকি বলেন, “শফিউল বারী বাবুর অবদান দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাঁর পরিবারের একজনকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়েছেন।”

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই মনোনয়নের মাধ্যমে দলটি একদিকে প্রয়াত নেতার অবদানকে মূল্যায়ন করেছে, অন্যদিকে তৃণমূলের সঙ্গে সংযোগ জোরদারের বার্তাও দিয়েছে।