সংরক্ষিত নারী আসনে জামায়াত–এনসিপি জোটের ১৩ প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

কাজী নাঈম উদ্দিন : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট থেকে সংরক্ষিত নারী আসনে ১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার ওই তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

চূড়ান্ত তালিকায় জামায়াতে ইসলামী থেকে ৯ জনের নাম রয়েছে। তাঁরা হলেন—মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু, প্রকৌশলী মারদিয়া মমতাজ, চট্টগ্রাম অঞ্চলের মেরিনা সুলতানা, সিলেটের মাহফুজা খানম, বগুড়ার সাজেদা সামাদ এবং জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগম।

এ ছাড়া জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে এনসিপি, জাগপা ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীদের নাম রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা করিম।

এনসিপির প্রাপ্ত কোটা অনুযায়ী সংরক্ষিত নারী আসনে দলটি একটি আসন পাচ্ছে। ওই আসনে দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করা হয়েছে।