
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত দুলাল (৩৪) পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম মইন উদ্দিন সুমন (৪০)। তিনি চরজাঙ্গালিয়া এলাকার হাফিজ উল্লাহ বেপারী বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আলী আজ্জম এবং মায়ের নাম আফিয়া বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুলালের বাড়ির সামনে রাস্তার ওপর মাটি ফেলা নিয়ে তাঁর সঙ্গে চাচাতো ভাই সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে সুমন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে দুলালের গলার ডান পাশে আঘাত করেন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
