
- বরণ–বিদায় সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে কর্মরত আট বিচারকের পদোন্নতি ও দুই বিচারকের বদলি উপলক্ষে বরণ–বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন। তিনি বরণ ও বিদায় পর্বে সভাপতিত্বও করেন।
পদোন্নতিপ্রাপ্ত ও বিদায়ী বিচারকদের মধ্যে রয়েছেন— অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা আক্তার, আবদুল্লাহ আল মামুন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক আবু সালেম মোহাম্মদ নোমান, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমীন খানম নীলা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ রেজাউল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহরীনা আক্তার নওরীন এবং সিনিয়র সিভিল জজ সৈয়দা সুরাইয়া আক্তার।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, ‘বিদায় সবসময়ই কষ্টের, তবে আজকের বিদায়ে আনন্দটাই বেশি। কারণ লক্ষ্মীপুর জজশিপের ৮ জন বিচারক পদোন্নতি পেয়ে নতুন দায়িত্বে যাচ্ছেন। তাঁদের কর্মনিষ্ঠা, সততা ও দক্ষতারই এটি স্বীকৃতি।’
বিদায়ী বিচারকেরা স্মৃতিচারণ করে বলেন, লক্ষ্মীপুরে দায়িত্ব পালনকালে তাঁরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন এবং বিচার বিভাগের সুনাম ধরে রাখার চেষ্টা করেছেন।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন বলেন, ‘পদোন্নতিপ্রাপ্ত বিচারকেরা সততা, দক্ষতা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। লক্ষ্মীপুরের বিচার বিভাগ তাদের অবদান ভুলবে না।’ তিনি আরও বলেন, নতুন কর্মস্থলেও তাঁরা সফলভাবে দায়িত্ব পালন করবেন—এমনটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুগ্ম জেলা জজ মো. সাইফুল ইসলাম, এসিজিএম মোহাম্মদ রেজাউল হক, বিচারক বেলাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ুন কবীর এবং নাজির মো. এমরান।
অনুষ্ঠানে বিচারকদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী বিচারকদের ফুল ও স্মারক উপহার দেওয়া হয়। তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা কামনা করা হয়।
