সাতক্ষীরার রুহাব বাংলাদেশে প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের আট মাস বয়সী শিশু আয়ান খান রুহাব বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি জন্ম নেওয়া রুহাবের জীবনের কার্বন নিঃসরণ শূন্য করার জন্য তার পরিবার সচেতন উদ্যোগ নিয়েছে। রুহাবের বাবা ইমরান রাব্বি, যিনি পরিবেশবাদী সংগঠন গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং মা আয়শা আক্তার কিরণ, যিনি সংগঠনের সমন্বয়ক হিসেবে কাজ করছেন, সন্তানের জন্মের মুহূর্ত থেকেই পরিবেশ রক্ষায় দায়িত্বশীলতার বার্তা ছড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছেন।

এই লক্ষ্য বাস্তবায়নে গত সেপ্টেম্বর মাসে সাতক্ষীরার শিবপুর গ্রামে ৫৮০টি ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি ও নিমের গাছ। এ পদক্ষেপের মাধ্যমে রুহাবের জীবনব্যাপী কার্বন নিঃসরণ সম্পূর্ণরূপে অফসেট করার চেষ্টা করা হয়েছে।

আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ঢাকা প্লান্টারস আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রুহাবকে ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়।

রুহাবের বাবা ইমরান রাব্বি বলেন, “আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস আর সবুজ পরিবেশে বড় হতে পারে। এটা তার ভবিষ্যৎ এবং পৃথিবীর জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগ মাত্র। সবাই যেন রুহাবের জন্য দোয়া করেন, সে সুন্দর মনের মানুষ হয়ে উঠুক এবং প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠে।”

রুহাবের মা আয়শা আক্তার কিরণ বলেন, “আমাদের এই উদ্যোগ শুধুমাত্র রুহাবের জন্য নয়, এটি সকল শিশুর জন্য। পরিবারে নতুন সদস্য এলে গাছ লাগানোর মাধ্যমে তার ভবিষ্যৎকে সুন্দর করে তোলা যায়।”

এই পরিবেশ সচেতন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।