
নাজমুল হোসেন : জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী শুরু হওয়া ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর রাহাত, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কক্সবাজার থেকে জাতীয়ভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন এই মহতী উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করেছে।
আগামী পাঁচ বছরের লক্ষ্যমাত্রা
বন বিভাগের তথ্য অনুযায়ী, আগামী ৫ বছরে পুরো জেলাজুড়ে মোট ৫৭ লাখ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় পরিবেশ ও জলবায়ুর সঙ্গে মানানসই বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে বলে জানানো হয়েছে।
পরিবেশ রক্ষায় আহ্বান
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব পড়ছে, তা থেকে বাঁচতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত নিজস্ব উদ্যোগে অন্তত একটি করে গাছ রোপণ করা এবং রোপণকৃত গাছের যত্ন নেওয়া। সবুজ ও বাসযোগ্য লক্ষ্মীপুর গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তারা।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির কয়েকটি চারা রোপণ করেন অতিথিরা। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম চলমান থাকবে।
