লক্ষ্মীপুরে সড়ক সংস্কারে হরিলুট: নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর চড়াও ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ দিন আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলার সংযোগ সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারের লোকজন নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের নামে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কমলনগর ও রামগতি উপজেলাকে যুক্ত করা ১১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির সংস্কার কাজের জন্য প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের মধ্যে কমলনগর উপজেলা প্রকৌশল দপ্তরের অধীনে ৪ দশমিক ৬ কিলোমিটার এবং রামগতি এলজিইডির অধীনে ৬ দশমিক ৮ কিলোমিটার সড়কের কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স এমএম বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কের সংস্কার কাজে চরম গাফিলতি ও নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। সড়কের কাজের অনিয়ম নিয়ে কথা বললেই ঠিকাদারের লোকজন তাদের হামলা ও মামলার ভয় দেখাচ্ছে। ইতিমধ্যে প্রতিবাদকারী দুই স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে বলেও এলাকাবাসী জানান।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে সড়কের কাজ চলার সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি লক্ষ্য করেন রামগতি এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

বুধবার বিকেলে তিনি ঠিকাদারের লোকজনকে কাজ বন্ধ রাখতে এবং নিম্নমানের খোয়া বা ম্যাকাডম পরিবর্তন করে ভালো মানের সামগ্রী ব্যবহারের নির্দেশ দেন। তবে প্রকৌশলীর নির্দেশ উপেক্ষা করেই ঠিকাদারের লোকজন কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে প্রকৌশলী পুনরায় তাদের কাজ বন্ধ রাখতে ও অনিয়ম সংশোধনের নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে রামগতি উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় বলেন, “উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের কাছ থেকে বিষয়টি আমি শুনেছি। ইতিমধ্যে ঠিকাদারকে কাজ বন্ধ রাখার এবং নিম্নমানের সামগ্রী দ্রুত অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুরো বিষয়টি জানিয়ে জেলা এলজিইডি কার্যালয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।”