
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, লক্ষ্মীপুর শাখা। সোমবার (২ ফেব্রুয়ারি) ব্যাংক প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সিনিয়র সহকারী সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশরাফুন নাহার।
শাহজালাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গিয়াস উদ্দিন এবং জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির হাওলাদার।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা জানান, শাহজালাল ইসলামী ব্যাংক প্রতিবছরই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।
অনুষ্ঠান শেষে অতিথিরা দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
