লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযানে তিন রেস্টুরেন্ট ও এক বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি রেস্টুরেন্ট ও একটি বেকারিকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার ও জান্নাতুল ছিদ্দিকা।

অভিযানকালে শহরের বাগবাড়ি রোডের রোজ গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, চকবাজার এলাকার সোনার বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এবং কাশফুল লাইভ বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া খাবার প্রস্তুতের সময় কর্মীদের হ্যান্ডগ্লাভস ও হেয়ার ক্যাপ ব্যবহার না করা, খোলা অবস্থায় মাছিযুক্ত খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকার মতো অনিয়ম পাওয়া যায়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।