
সোহেল হোসেন, লক্ষ্মীপুর : ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫। দিবসটির সমাপনী অনুষ্ঠানে আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি লক্ষ্মীপুর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন—উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদাউস হীরা, কালেক্টর স্কুলের অহিদা তাইফা নূর, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সমাদৃতা চৌধুরী শ্যামা ও আবৃত্তিশিল্পী রানী নাথ প্রমুখ।
অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখে অহিদা তাইফা নূর, আহনাফ তাজওয়ারসহ শিশু একাডেমির আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান।
এ আয়োজনে সহযোগিতা করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ইসলামিক রিলিফ বাংলাদেশ। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুদের হাতে অপ্রয়োজনীয়ভাবে মোবাইল না দিয়ে পাঠ্য ও সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিশুদের সঙ্গে জোর করে কিছু না করে স্বাভাবিক পরিবেশে কাজ করতে দিলে তারা সেরা পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়। পিতামাতাই তাদের প্রথম ও প্রধান শিক্ষক।’
