লক্ষ্মীপুরে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ দিন আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল সাড়ে ১০টার দিকে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। এরপর ক্রমান্বয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, এই শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আজ আমাদের সবার। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের যোদ্ধারা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের খোঁজখবর নেন উপস্থিত কর্মকর্তারা।