লক্ষ্মীপুরে তথ্য অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

“পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ” প্রতিপাদ্যে আলোচনা সভা

নাজমুল হোসেন,  নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর প্রতিনিধি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। “পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বিকেলে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন। আলোচনায় আরও অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সনাক লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর রফিকুল আহসান, সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, সহসভাপতি হুমায়ুন কবির, সদস্য সুধীর চন্দ্র ঘোষ, রাশেদুল ইসলাম ও টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আব্দুর রব খান।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা সময়ের দাবি। নাগরিকদের তথ্য জানার অধিকার নিশ্চিত হলেই প্রশাসনের জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “তথ্য জানা ও জানানো শুধু রাষ্ট্রীয় দপ্তর নয়, ব্যক্তিগত জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন, পরিবারে একজন বাবা যদি সন্তানের বিষয়ে সঠিক তথ্য না রাখে, তাহলে সন্তান পথভ্রষ্ট হতে পারে। তেমনি স্বামী-স্ত্রীর সম্পর্কেও পরস্পরের ব্যাপারে জানাশোনা থাকলে পরিবারে শান্তি বজায় থাকে।”

আলোচনা সভা শেষে তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।