
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আগাম শীতকালীন সবজি ও মাঠ ফসল চাষে কৃষকদের উৎসাহ দিতে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১২০০ ক্ষুদ্র কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হয়। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০০ জন সবজি চাষি এবং ৮০০ জন মাঠ ফসল চাষিকে এই বীজ ও সার দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের চাপে কৃষকরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হন। তাদের সহায়তা করতে সরকার এই উদ্যোগ নিয়েছে।’
স্থানীয় এক কৃষক বলেন, ‘সরকারের এই সহায়তা পেয়ে আমরা আগাম শীতকালীন চাষে আগ্রহী হয়েছি। এতে খরচও কিছুটা বাঁচবে।’
