লক্ষ্মীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্যারেডের আয়োজন করা হয়।

মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক। এ সময় প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল।

প্যারেডে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা সুশৃঙ্খলভাবে অংশ নেন এবং পেশাদারিত্বের সঙ্গে কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার প্যারেডের সার্বিক মানে সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে ফোর্সের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে চলা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং জনগণের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে সেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।