
সাতক্ষীরা প্রতিনিধি : চলতি বোরো মৌসুমে সাতক্ষীরা জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলার বিস্তীর্ণ ফসলের মাঠ এখন সবুজ থেকে হলুদ রঙ ধারণ করতে শুরু করেছে। কয়েক দিনের মধ্যেই কৃষকের ঘরে উঠবে সোনালি ধান।
জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে এখন দোল খাচ্ছে ধানের শীষ। অনুকূল আবহাওয়া থাকলে এবারের মৌসুমে কাঙ্ক্ষিত ফলন পাবেন কৃষকেরা বলে আশা করছে কৃষি বিভাগ।
তবে উৎপাদন ভালো হলেও কৃষকের দুশ্চিন্তাও কম নয়। লবণাক্ততা বৃদ্ধি, সার ও ডিজেল সংকট, কীটনাশকের দাম বৃদ্ধি এবং শ্রমিক সংকট—সব মিলিয়ে ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৮০০ হেক্টর জমি। তবে বাস্তবে চাষ হয়েছে ৮২ হাজার ৬৭৩ হেক্টর জমিতে।
উপপরিচালক সাইফুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরোর বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও সঠিক পরিচর্যার কারণে ফলন ভালো হয়েছে। কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা অব্যাহত রয়েছে।
সদর উপজেলার কৃষক আরিফুল ইসলাম নয়ন বলেন, সরকারি প্রণোদনা ও সার-কীটনাশকে সহায়তার কারণে এবার উৎপাদন ভালো হয়েছে, তবে বাজারদর ও শ্রমিক সংকট নিয়ে চিন্তা রয়েছে।
উপকূলীয় অঞ্চলের কৃষকেরা জানান, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর আশঙ্কা থাকলেও বর্তমানে ফসলের অবস্থা ভালো। তবে সময়মতো ধান কেটে ঘরে তুলতে পারলেই প্রকৃত লাভ পাওয়া যাবে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলার বহু এলাকায় এখন ধান পাকতে শুরু করেছে। কয়েক দিনের মধ্যেই কাটা শুরু হবে বলে আশা করা হচ্ছে। সবকিছু অনুকূলে থাকলে কৃষকের ঘরে ফিরবে সোনালি ফসল এবং মুখে ফুটবে স্বস্তির হাসি।
