লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আরমান খাঁ জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রেজাউল করিম, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ব্যবসায়ী ফোরামের সভাপতি শহীদ উল্যা।

আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আমীর নুর মো. রাসেল, পৌর শহর নায়েবে আমীর মাওলানা জহির উদ্দিন এবং পৌর ১৩ নম্বর ওয়ার্ড যুববিভাগের সভাপতি জামাল উদ্দিন।

এ ছাড়া লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর বাঙ্গাখাঁ ইউনিয়নের জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, “আমরা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আগামী দিনে ইনসাফভিত্তিক ইউনিয়ন ও সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি রমজানের শিক্ষা সম্পর্কে বলেন, রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতা বৃদ্ধির মাস। এই মাসের শিক্ষা সমাজে ন্যায়, সততা ও সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তব্য শেষে তিনি স্থানীয় এলাকাবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানান।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ফিরোজ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোমান।