লক্ষ্মীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে ধারাবাহিক উদ্যোগের কথা মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন : খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমান-এর নেতৃত্বে দেশে নতুন ধরনের পরিবর্তন বা ‘বিপ্লব’ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা-এর উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় অনেক খাল দখল হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। কোথাও বসতবাড়ি, কোথাও দোকানপাট, আবার শিল্প-কারখানার বর্জ্যে অনেক খাল প্রায় বন্ধ হয়ে গেছে। খাল পুনঃখননের মাধ্যমে এসব খাল পুনরুদ্ধার করা হবে বলে জানান তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, কৃষিনির্ভর অর্থনীতিতে পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারকেল, সুপারি, শাকসবজি ও মাছ উৎপাদন বৃদ্ধির জন্য পানির বিকল্প নেই। খাল খননের মাধ্যমে পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে তা ব্যবহার করা সম্ভব হবে, এতে উৎপাদনও বাড়বে।

তিনি আরও জানান, রহমতখালী, ওয়াপদাখাল ও ভুলুয়া নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এসব নদীর সঙ্গে সংযুক্ত ছোট খালগুলোও খননের আওতায় আনা হবে। জলাবদ্ধতা নিরসন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ওপর জোর দেন তিনি।

শিক্ষা খাত নিয়েও বক্তব্য দেন এ্যানি। তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষা দুর্বল হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তাই স্কুলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষকসংকট দূরীকরণ এবং পাঠদানের মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

এস এম মেহেদী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।