লক্ষ্মীপুরসহ ১৯ জেলায় ‘ফুয়েল পাস’ নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে চালু হওয়া কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সিস্টেমের নিবন্ধন কার্যক্রম লক্ষ্মীপুরসহ দেশের আরও ১৯ জেলায় শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এর আগে, গত ১৮ এপ্রিল মন্ত্রণালয় জানায়, ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রম বিস্তৃত করতে ঢাকা ও বিভিন্ন মেট্রো শহরসহ চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলোকে এই সিস্টেমের আওতায় আনা হচ্ছে।

জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করা এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে গত ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করে। প্রথম পর্যায়ে ঢাকার সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহে এই অ্যাপ ব্যবহার শুরু হয়। পরে তা ১৮টি পাম্পে সম্প্রসারণ করা হয়।

প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য অ্যাপটি চালু করা হয়েছে। পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে দেশের সব ধরনের যানবাহনের জন্য ‘ফুয়েল পাস’ সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।